
সৌদিআরবের পবিত্র মদিনা মনোয়ারায় অগ্নিকাণ্ডে মো. ইলিয়াস নামের এক প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত মো. ইলিয়াস চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম সিকদার পাড়ার বাসিন্দা।
জানা গেছে, বৃহস্পতিবার (১৩ আগষ্ট) দুপুরে মাজারায় কাজের ফাঁকে বিশ্রাম নেওয়ার সময় প্রবাসীদের থাকার একটি ঝুপড়িতে হঠাৎ আগুন লাগে। এ সময় সেখানে থাকা ৮-১০ জন দ্রুত বের হয়ে আসতে সক্ষম হলেও ইলিয়াস ভেতরে আটকা পড়েন। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঝুপড়িতে ছড়িয়ে পড়লে অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে স্হানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।নিহত ইলিয়াসের বন্ধু আলমগীর তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় সাতকানিয়ায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের মরদেহ বর্তমানে মদিনার স্হানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।