
তারেক আজিজ চৌধুরী,সৌদি আরব
আজকের ফজরের আজানই ছিল কাবার মুয়াজ্জিন শেখ ইব্রাহিম আল মাদানির জীবনের শেষ আজান। এই কণ্ঠ এখন চিরতরে স্তব্ধ। সোমবার ভোরে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন (ইন্না..)। তার এই বিদায়ে বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
সংবাদমাধ্যম খালিজ টাইমস ও ‘ইনসাইড দ্য হারামাইন’-এর প্রতিবেদন অনুযায়ী, সোমবার ভোরে পবিত্র কাবা প্রাঙ্গণে ফজরের আজান দিয়েছিলেন শেখ ইব্রাহিম আল মাদানি। এটিই ছিল মসজিদুল হারামে দেওয়া তার জীবনের শেষ আজান। ফজরের সেই আজান শেষ করার অল্প সময়ের মধ্যেই তিনি না ফেরার দেশে পাড়ি জমান।
১৯৭৬ সালে মদিনার এক ধার্মিক পরিবারে জন্মগ্রহণ করা শেখ ইব্রাহিম মাত্র ১৫ বছর বয়সেই পাড়ার মসজিদে আজান দেওয়ার মাধ্যমে এই পবিত্র দায়িত্ব পালন শুরু করেন। মদিনা ও মক্কার ঐতিহ্যবাহী আজানের শৈলীতে পারদর্শী এই মুয়াজ্জিনকে ২০১৭-১৮ সালের দিকে আনুষ্ঠানিকভাবে মসজিদুল হারামের মুয়াজ্জিন হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি মসজিদুল হারামের প্রধান ২৪ জন মুয়াজ্জিনের একজন ছিলেন। বিশেষ করে তার দেওয়া ফজরের আজান ও তাকবির মুসল্লিদের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছিল।